
ভাঙ্গা( ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামে খালু বাড়ী বেড়াতে এসে পানিতে ডুবে লাবিব ( ৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। সে উপজেলার তুজারপুর ইউনিয়নের সরইবাড়ি গ্রামের মৃত লোকমান শেখের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার শিশুটি মায়ের সাথে তার খালু বাড়ি উপজেলার চৌকিঘাটা গ্রামের হাসমত শেখের বাড়িতে বেড়াতে আসে। পিতৃহীন শিশুটিকে নিয়ে তার মা রাজধানীতে বিভিন্ন বাসাবাড়িতে কাজ করতো।ঈদ উপলক্ষে মা- ছেলে বাড়িতে এসে খালুর বাড়িতে বেড়াতে আসে। বৃহস্পতিবার সকালে সবার অজান্তে শিশুটি বাড়ির পাশে কুমার নদীতে গোসল করতে যায়। এক পর্যায়ে সে পানিতে ডুবে যায়। পরে তাকে না পেয়ে পরিবারের লোকজন শিশুটিকে অর্ধ- ভাসমান অবস্থায় দেখতে পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।