
মোঃ সরোয়ার হোসেন,ভাঙ্গা(ফরিদপুর):পাশাপাশি ৩টি শিক্ষা প্রতিষ্ঠান। একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়,একটি কওমী মাদ্রাসা এবং একটি দাখিল মাদ্রাসা। ৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠ বা চত্বর একই। বড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,বড়দিয়া কওমী মাদ্রাসা,বড়দিয়া দাখিল মাদ্রাসা। শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন একই বাউন্ডারির মাঝে রয়েছে মুসল্লীদের জন্য বড়দিয়া জামে মসজিদ, বড়দিয়া কবরস্থান। ৩ টি শিক্ষা প্রতিষ্ঠান সহ ৫ টি গুরুত্বপূর্ণ জায়গায় যাতায়াতের জন্য রয়েছে একটি মাত্র সংকীর্ণ মাটির রাস্তা। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টি হলে পুরোপুরি কাঁদা-পানিতে ভরে থাকে। প্রায় ৩ কিলোমিটার এই কর্দমাক্ত মাটির রাস্তা পাড়ি দিয়ে কোমলমতি শিক্ষার্থীদের যেতে হয় এ প্রতিষ্ঠানগুলোতে। এজন্য খুঁদে শিক্ষার্থীদের অনেক সময়ই কাঁদামাটিতে পড়ে বই খাতা,পোশাক নষ্ট হয়েছে। ফলে শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেতে চায়না।অনেক অভিভাবক তাদের সন্তানদের ওই প্রতিষ্ঠানগুলোতে পাঠাতে অনীহা প্রকাশ করছেন। এ দৃশ্য ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বড়দিয়া গ্রামে। এছাড়া ওই স্থানে রয়েছে একটি পাকা মসজিদ ও একটি কবরস্থান। কাঁদা মাটি ঠেলে মসজিদে যেতে চরম ভোগান্তিতে পড়েন মুসল্লীরা। এলাকার কারও মৃত্যুর পর মরদেহ দাফন করার জন্য কবরস্থানে যেতে ভোগান্তির কোন শেষ থাকেনা। এলাকাবাসীর দীর্ঘদিন ধরে চলা চরম ভোগান্তি সত্যেও “এলাকার দুর্ভোগ” বলে খ্যাত জরাজীর্ণ রাস্তাটির বেহাল দশা নজরে আসেনি কোন জনপ্রতিনিধি বা সংশ্লিষ্ট কতৃপক্ষের।
এদিকে জরাজীর্ণ রাস্তাটির সংস্কারের দাবীতে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে এক মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচিতে যোগ দেন গ্রামবাসীও। এ সময় অংশগ্রহণকারীরা অবিলম্বে কাঁদাযুক্ত কাঁচা সড়কটি সংস্কার করে পাকাকরণের মাধ্যমে যানবাহন চলাচলের উপযোগী করার আহ্বান জানান। রোববার (১০ আগস্ট) বিকেলে উপজেলার বড়দিয়া দাখিল মাদরাসার পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জানা গেছে, উপজেলার আলগী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের টাকুর মোড় থেকে কাজী বাড়ির চার রাস্তার মোড় হয়ে বড়দিয়া আলিয়া মাদ্রাসা পর্যন্ত এবং উত্তরপাড় ইদগাহ মাঠ হয়ে উত্তর পাড়া বাবু মাাস্টারের বাড়ি পর্যন্ত রাস্তাটির বেহালদশা । এটি সমান্য বৃষ্টিতেই কাঁদা-পানি হয়ে যাতায়াতের অযোগ্য হয়ে পড়ে।
স্থানীয় হরিরহাট বাজার বনিক সমিতির সভাপতি মোস্তফা মাতুব্বরের সার্বিক তত্ত্বাবধানে এতে বক্তব্য রাখেন ফারুক মিয়া বুলু ও আবুল হোসেনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বড়দিয়া দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার এ বি এম মহিউদ্দিন, মাদরাসার শিক্ষার্থী নুসরাত জাহান, মেরিনা আক্তার প্রমুখ।
এ সময় শিক্ষার্থীরা জানায়, প্রচণ্ড বৃষ্টির ফলে কাঁচা সড়কটির বিভিন্ন জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়ে কাদাপানি জমে থাকা পথ পাড়ি দিয়ে বিদ্যালয়ে যেতে হচ্ছে।
এলাকাবাসীরা জানান,আওয়ামী সরকার থাকার কারণে এ মাদরাসা রাস্তাটি গত ১৬ বছর সংস্কার হয়নি। ফলে প্রতিদিনই রাস্তাটিতে ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। জনদুর্ভোগের কথা তুলে ধরে প্রতিকারের কথা বলেন, বিদ্যালয় সভাপতি রুবেল হোসেন, আবু জাফর, আলম মিয়া প্রমুখ। তারা বলেন, এ রাস্তার উপর এলাকাবাসী নির্ভরশীল। এছাড়া বৃদ্ধ ও গর্ভবতী নারীদের চিকিৎসা সেবা কেন্দ্রে যাতায়াতে চরম ভোগান্তির শিকার হতে হয় প্রতিনিয়ত। আমরা অবিলম্বে রাস্তাটি সংস্কারের আবেদন জানাচ্ছি এ ব্যাপারে ভাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, একটি সরকারী প্রাথমিক বিদ্যালয় সহ তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে পৌছাতে কোমলমতি শিক্ষার্থীদের চরম ভোগান্তি পোহাতে হয়। অবিলম্বে রাস্তাটি সংস্কার জরুরী। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান বলেন, ইতিমধ্যেই এলাকাবাসী সড়কের দুরবস্থার কথা জানিয়ে আবেদন করেছেন । রাস্তাটি সংস্কার করে এলাকাবাসীর যাতে ভোগান্তি দূর হয় এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সোঃ সরোয়ার হোসেন
ভাঙ্গা, ফরিদপুর।
মোবাঃ০১৭৩১৭১১৯৪৭
তাং১১.০৮.২৫