
ভাঙ্গা( ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে যাওয়ার সময় দুই পরীক্ষার্থীকে কুপিয়ে জখম করেছে এক বখাটে যুবক। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ৯ টার দিকে পুর্ব শক্রতার জের ধরে ভাঙ্গা থানার সামনে কালীবাড়ি সংলগ্ন সড়কে চাইনিজ কুড়াল দিয়ে হামলার ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় হাতে ও পেটে সেলাই ব্যান্ডেজ নিয়েই পরীক্ষায় অংশগ্রহন করে ওই দুই শিক্ষার্থী।
আহত দুই শিক্ষার্থী হলো- ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মহেশ্বরদী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আশিক মাতুব্বর (১৭) ও ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাইম শেখ (১৮)। দুই শিক্ষার্থীর বাড়ি ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের মাঝারদিয়া গ্রামে। আহত দুই শিক্ষার্থীকে স্থানীয়রা উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এরপর চিকিৎসকেরা দ্রুত চিকিৎসা দিয়ে সরকারি এম্বুলেন্সে চিকিৎসক সহ পরীক্ষা কেন্দ্রে পাঠানো হয়। পেটে, হাতে সেলাই নিয়েই ঐ দুই শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্ৰহন করে। পরে প্রশাসন ও চিকিৎসক পরীক্ষা শেষে পুনরায় তাদেরকে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
হামলায় আহত পরীক্ষার্থী আশিক মাতুব্বর বলেন, সকালে ভ্যানযোগে বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য আমরা দুইজন রওনা হই। ভ্যানটি ভাঙ্গা বাজারের থানা সংলগ্ন রোড়ে কালীবাড়ির সামনে আসা মাত্র কিছু বুঝে ওঠার আগেই আমার প্রতিবেশি ফাহিম মাতুব্বর চাইনিজ কুড়াল দিয়ে আমাকে ও আমার বন্ধু সাইম শেখকে এলোপাতাড়ি কুপিয়ে দৌড়ে পালিয়ে যায়। এরপর স্থানীয়রা আমাদের দুজনকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। ফাহিম এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী। ৮/৯ মাস আগে ওর সাথে আমার তর্ক বিতর্ক হয়েছিল। এছাড়া কোনো বিরোধ নেই।
এ ঘটনায় ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার তানসিভ জুবায়ের বলেন, দুই এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। দুইজনেরই বামহাত, পেট সহ শরীরের একাধিক জায়গায় কোপানোর চিহ্ন রয়েছে । এদেরকে হাসপাতালে আনার পর জখম স্থানে সেলাই সহ অন্যান্য চিকিৎসা দিয়ে এম্বুলেন্স যোগে চিকিৎসক সহ কেন্দ্রে পাঠিয়ে দেই। পরীক্ষার পরে পুনরায় তাদের হাসপাতালে এনে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে ভাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব মো. হায়দার হোসেন বলেন, দুই শিক্ষার্থীকে কুপিয়ে জখম করা হয়েছে। হামলাকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
এ ব্যাপারে ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোঃ আশরাফ হোসেন বলেন, এ বিষয় একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্ব আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
২৪/০৪/২৫