
মো: মিলন আহাম্মেদ দিনাজপুর জেলা প্রতিনিধি
দিনাজপুর শহরের বাহাদুর বাজারে চালের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও মূল্যতালিকা না টানানোর অভিযোগে তিন ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (২৫ জুন) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও খাদ্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন।
অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা ও অযৌক্তিকভাবে চালের দাম বাড়ানোর দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে মেসার্স সুমন ব্রাদার্সকে ৫০০ টাকা, মেসার্স রাকিব ট্রেডার্সকে ১ হাজার টাকা এবং মেসার্স রিপা চাউল ঘরকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন বলেন, বাজারে ন্যায্য দাম নিশ্চিত ও ভোক্তাদের স্বার্থ রক্ষায় আমাদের এই অভিযান চলমান থাকবে। অযৌক্তিকভাবে দাম বাড়ানো ও মূল্য তালিকা প্রদর্শন না করায় ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ সময় সাধারণ ক্রেতারা অভিযানকে স্বাগত জানান এবং বাজারে এ ধরনের নজরদারি আরও বাড়ানোর দাবি জানান।