
মো: মিলন আহাম্মেদ দিনাজপুর জেলা প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় অবৈধভাবে মজুত করা ধান, চাল ও ডাল রাখার অভিযোগে তিনটি গুদাম সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৫ জুন) বিকেল পৌনে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন হাকিমপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায়। এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অতিরিক্ত দায়িত্বে থাকা সোহেল আহম্মেদ ও হাকিমপুর থানার পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
ইউএনও অমিত রায় জানান, খাদ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের অবৈধ মজুদের বিরুদ্ধে এই অভিযান চালানো হয়।
তিনি আরও জানান, গুদামগুলোতে অবৈধভাবে মজুত পাওয়া যায় ১ হাজার ৯৩৩ মেট্রিক টন ধান, ২৭১ মেট্রিক টন আমদানিকৃত চাল এবং ৪৭ মেট্রিক টন মসুর ডাল। এ ঘটনায় খাদ্য বিভাগের পক্ষ থেকে হাকিমপুর থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।