
কর্ণফুলী প্রতিনিধি
চট্টগ্রামের কর্ণফুলীর শিকলবাহা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত মানববন্ধনের প্রতিবাদে পাল্টা বিক্ষোভ কর্মসূচী পালন করেছে স্থানীয়রা।
গত বুধবার দুপুরে শিকলবাহা ইউনিয়ন পরিষদের সামনে এ কর্মসূচী পালন করেন চেয়ারম্যানের সর্মথক ও স্থানীয়রা। এতে কয়েক শতাধিক লোক এ কর্মসূচীতে অংশ নেন।
তারা দাবি করেন গত মঙ্গলবার কয়েকজন যুবক মিলে গোপনে চেয়ারম্যানের জনপ্রিয়তা দেখে হিংসাত্মকভাবে তারা একটি মানববন্ধন করেন। এ গুপ্ত মানববন্ধনটি কোথায় করেছে তার হদিসও পাওয়া যাচ্ছে না বলে বিক্ষোভকারীরা জানান।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, আমি দায়িত্ব পাওয়ার থেকে থেকে এক ইউপি সদস্য আমার পেছনে লেগেছে। লোকজনকে ভুলভাল বুঝিয়ে বিভিন্ন বিশৃঙ্খলার ইন্ধন জোগাচ্ছেন। তার লক্ষ্য একদিন নিজেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়া, তাই ষড়যন্ত্র করছেন।
প্রসঙ্গত, গত ৪ জুন জেলা প্রশাসক ফরিদা খানমের স্বাক্ষরে জাহাঙ্গীর আলমকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়। এরপর ইউনিয়ন অফিসের মূল ফটক বন্ধ করে কাঁটা ঝোলানোর মতো ঘটনাও ঘটে।
পরবর্তীতে ১৭ জুন জেলা প্রশাসন ইউএনওকে প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব দিলে জাহাঙ্গীরকে সরিয়ে দেওয়া হয়। তবে ১৮ জুলাই হাইকোর্টের আদেশে তিনি ফের চেয়ারম্যানের দায়িত্বে ফিরে আসেন।