
মোঃ আনোয়ার হোসেন আরিফ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় সরকারি ইউক্যালিপ্টাস গাছ কেটে আত্মসাতের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। গত ১১ সেপ্টেম্বর গভীর রাতে ভূরুঙ্গামারী মেডিকেল মোড় থেকে তিলাই ধামের হাটমুখী সরকারি পাকা সড়কের পাশেই ঘটনাটি ঘটে। সড়কের ধার ঘেঁষে সাইফুর মেম্বারের বাড়ির সামনে থাকা গাছটি কেটে নিয়ে যায় অভিযুক্তরা।
স্থানীয় সূত্রে জানা যায়, পুরনো একটি ইউক্যালিপ্টাস গাছ রাতের অন্ধকারে করাত দিয়ে কেটে ফেলে দ্রুত সরিয়ে নেয়া হয়। অভিযুক্তদের মধ্যে রয়েছেন—তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামের মোফাজ্জল হোসেন (৪৫) ও তার ভাই নুর ইসলাম (৪২), ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের আংরিয়া গ্রামের জাকির হোসেন (৩৮), বাবলু (৪০) এবং হাফেজ (৪২)।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সচেতন স্থানীয় জানায়, গাছ কাটার সময় শব্দ শুনে তারা টের পেলেও প্রভাবশালী চক্রের ভয়ে সরাসরি বাধা দিতে পারেননি। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনকে অবহিত করা হলেও ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়ার পরও তেমন কার্যকর ব্যবস্থা নিতে দেখা যায়নি।
ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য সাইফুর রহমান জানান, “ভোরে ঘুম থেকে উঠে দেখি আমার বাড়ির সামনে রাস্তার একটি সরকারি গাছ কেটে নেয়া হয়েছে। পরে গ্রামবাসীর সহায়তায় খোঁজাখুঁজি করে দেখি গাছের তিনটি কাটা অংশ মোফাজ্জল হোসেনের বাড়ির বাইরে রাখা আছে।”
এ ঘটনায় সরকারি সম্পদ রক্ষায় সংশ্লিষ্ট দপ্তরের উদাসীনতায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। তারা দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।