
আকাশ শীল, কর্ণফুলী
কর্ণফুলীতে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পূজামন্ডপ গুলো পরিদর্শন করা হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব কান্তি রুদ্র ও উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মো: আল আমিন হোসেন সর্বজনীন পূজামন্ডপ ঘুরে দেখেন। সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা দেখে সন্তোষ প্রকাশ করেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।
এসময় ইউএনও বলেন,”শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন, আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা এবং প্রতিমা বিসর্জনসহ সব আয়োজনে নির্বিঘ্ন নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি মন্ডপ সংশ্লিষ্টদের প্রশাসন, থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট সংস্থার জরুরি নম্বর সংগ্রহ করে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এবার প্রশাসন ও উপজেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, এ বছর কর্ণফুলী উপজেলায় মোট ১৪ টি প্রতিমা পূজাসহ মোট ২৪ টি পূজামন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
এদিকে রবিবার (২৮ সেপ্টেম্বর) মহাষষ্ঠীর মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এবং আগামী ২ অক্টোবর মহাবিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হবে।