
ভাঙ্গা ( ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের রশিবপুরা গ্রামে রাতের আঁধারে জমিতে সদ্য রোপন করা কলাগাছ কেটে ও উপড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, ওই গ্রামের লিয়াকত আলী ৭১ নং মৌজার বিএস ৪৫ নং খতিয়ানের জমিটি ক্রয়সূত্রে প্রায় অর্ধশতাব্দী ধরে ভোগদখল করে আসছেন। সম্প্রতি ওই জমিতে কলাগাছ রোপণ করা হয়। কিন্ত গত বৃহস্পতিবার সকালে গিয়ে দেখেন কে বা কারা গাছগুলো ভেঙে ফেলে এবং কিছু কেটে ফেলে পাশের খালের ভিতর ফেলে দিয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক লিয়াকত আলী ভাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, লিয়াকত আলীর সাথে প্রতিবেশী জাকির মোল্যা, ওহাব মোল্যা, সাইফুল মোল্যা ও সুফিয়া বেগমের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। বিরোধের জেরে প্রতিপক্ষেরা এমন ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করছেন তিনি। এর পূর্বেও তাদের জমির ফসলাদী নষ্ট করা এবং বাড়িতে ইট–পাটকেল নিক্ষেপসহ নানা ভয়ভীতি প্রদর্শন করেছে বলে অভিযোগ করেন করেন তিনি।
লিয়াকত আলী জানান, প্রায় ৪–৫ দিন আগে তারা রশিদপুরা মৌজার খালকিনার মাঠে তাদের জমিতে কলাগাছ রোপণ করেন। বুধবার বিকেলে ওই জমির পাশ দিয়ে যাওয়ার সময় গাছগুলো অক্ষত দেখতে পেলেও বৃহস্পতিবার গিয়ে দেখেন সবগুলো কলাগাছ উপড়ে ফেলা অবস্থায় পড়ে আছে—কিছু জমির মধ্যে এবং কিছু পাশের খালে ফেলে দিয়েছে। এতে তিনি বেশ ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে জানান।
তিনি দাবী করেন পূর্বশত্রুতার জেরেই প্রতিপক্ষরা এমন কান্ড ঘটাতে পারেন। ইতোমধ্যে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।বিষয়টি নিয়ে ভাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
এ ব্যাপারে প্রতিপক্ষ জাকির মোল্লা ও সুফিয়া বেগমের সাথে কথা হলে তারা জানান, আমরা গাছপালা উপড়ে ফেলার ব্যাপারে জড়িত নই। জমিজমা নিয়ে আমাদের সাথে তাদের দ্বন্দ্ব আছে; যা আদালতে বিচারাধীন রয়েছে।
মোঃ সরোয়ার হোসেন
ভাঙ্গা, ফরিদপুর।
মোবাঃ০১৭৩১৭১১৯৪৭
তাং১৪.১১.২৫