
ভাঙ্গা(ফরিদপুর)ঃফরিদপুরের ভাঙ্গায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ১১-তম গ্রেড প্রদান, ১০ ও ১৬ বছরের উচ্চতর গ্রেডের জটিলতা নিরসন এবং এন.টি. পদ ধরে শতভাগ পদোন্নতির দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষকেরা। বৃহস্পতিবার(৪ ডিসেম্বর) সকাল ১১ টায় ভাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে ঘন্টা ব্যাপী এই কর্মসূচিতে শিক্ষকরা অবিলম্বে তাদের গ্রেড বৈষম্য নিরসনের দাবী জানান।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি মোঃ সামসুল হক মাতুব্বর ও সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন, সংগঠনের নির্বাহী সহসভাপতি সঞ্জয় কুমার দে, সহ-সভাপতি মোঃ ফরহাদ হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান মনির, মোঃ ইমরান হোসেন, শারমিন রহমান, লাবনী আক্তার,চম্পা আক্তার, পপি আক্তার ও সাহিদা আক্তার প্রমুখ।
কর্মসূচিতে উপজেলার ১২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী ও জ্যেষ্ঠ শিক্ষকরা অংশ নেন। মানববন্ধন শেষে শিক্ষকরা অবস্থান কর্মসূচি পালন করে দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
বক্তারা বলেন, দেশের প্রাথমিক শিক্ষাব্যবস্থার ভিত্তি গঠনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কিন্তু এখনও তারা ১১তম গ্রেড থেকে বঞ্চিত রয়েছেন, যা শিক্ষকদের ন্যায্য প্রাপ্যতাকে প্রশ্নবিদ্ধ করছে। বক্তারা আরও জানান, ১০ ও ১৬ বছরের উচ্চতর গ্রেডের জটিলতা দূর না হওয়ায় বহু শিক্ষক দীর্ঘ কর্মজীবনেও যথাযথ সুবিধা পাচ্ছেন না।
শিক্ষকেরা বলেন, এন.টি. পদ ধরে শতভাগ পদোন্নতি নিশ্চিত না হওয়ায় ক্যারিয়ারে স্থবিরতা সৃষ্টি হয়েছে। এতে শিক্ষকদের মনোবল কমে যাচ্ছে এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে।
বক্তারা দাবি জানান, শিক্ষক সমাজের ন্যায্য অধিকার আদায়ে সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে। দাবি বাস্তবায়িত হলে প্রাথমিক শিক্ষা আরও মানসম্মত, কার্যকর ও যুগোপযোগী হবে বলে তারা আশা প্রকাশ করেন। এর আগে বিভিন্ন স্থান থেকে ব্যানার ফেষ্টুন নিয়ে শিক্ষকরা মানববন্ধনে অংশ নেন।
মোঃ সরোয়ার হোসেন
ভাঙ্গা, ফরিদপুর।
মোবাইল ঃ০১৭৩১৭১১৯৪৭
তাং ৪/১২/২৫