
ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ব”
এই শ্লোগানকে সামনে রেখে মঙ্গলবার ১০ মার্চ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়ন পরিষদ চত্বরে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প থেকে আত্মরক্ষার্থে করণীয় বিষয়ক আলোচনা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
উন্নয়ন সংঘের সিডস প্রকল্পের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাংধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আজিজুর রহমান।
ডাংধরা ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা আনোয়ারুল হক এর সঞ্চালনায় আলোচনা করেন ইউপি সদস্য ফরিদুল ইসলাম, ইউপি সদস্য নাজমা বেগম, ইউপি সদস্য বজলুর রহমান, ইউপি সদস্য হামিদুর রহমান, উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর রোকন মিয়া, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক ফোকাল পার্সন স্ট্যান্ডিং কমিটির সদস্য ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য বৃন্দ।
অনুষ্ঠানে চেয়ারম্যান আজিজুর রহমান বলেন, জনসচেতনতাই দুর্যোগ প্রস্তুতির প্রধান হাতিয়ার। সঠিক প্রস্তুতি থাকলে যেকোনো দুর্ঘটনাকে বিপর্যয়ে রূপ নেওয়া থেকে প্রতিহত করা সম্ভব। এতে জানমালের ক্ষয়ক্ষতিও অনেকটা কমে আসে। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ অঞ্চল হওয়ায় তিনি দুর্যোগ মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানান।
তিনি আরও বলেন, সাহস নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। বিশেষ করে পরিবেশের ভারসাম্য রক্ষায় আমরা যদি পর্যাপ্ত বৃক্ষরোপণ করতে পারি, তবেই একটি নিরাপদ ও ঝুঁকিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব হবে।
শেষে ইউনিয়ন পরিষদ চত্বরে র্যালিতে জনসাধারণ সহ সকলে অংশগ্রহণ করেন।