
মো: মিলন আহাম্মেদ দিনাজপুর জেলা প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে সড়কের পাশে বিকল ট্রাক মেরামতের সময় পেছন থেকে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত হয়েছেন এক ট্রাক মিস্ত্রি। আহত হয়েছেন তার সহকারী। বুধবার (২৫ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনের সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম ইপাহিম ইসলাম (২৩)। তিনি পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের আব্দুর রহিম মিয়ার ছেলে। আহত সহকারী শিমুল মিয়া (১৭) গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলহার এলাকার বাসিন্দা।
ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক জানান, ঠাকুরগাঁও থেকে আম বোঝাই করে আসা একটি মিনি ট্রাক মহাসড়কে এসে বিকল হয়ে পড়ে। গিয়ার বক্সে সমস্যা দেখা দিলে চালক স্থানীয় মিস্ত্রি ইপাহিম ইসলাম ও তার সহকারীকে ডেকে আনেন। তারা সড়কের পাশে ট্রাকের নিচে কাজ করছিলেন। এ সময় পেছন থেকে দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান এসে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে দুজনই গুরুতর আহত হন এবং তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিও দুমড়ে-মুচড়ে যায়।
আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ইপাহিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।
ওসি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাক ও কাভার্ড ভ্যান জব্দ করে থানায় নেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ না পেলেও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।