
মো: মিলন আহাম্মেদ দিনাজপুর জেলা প্রতিনিধি
“প্লাস্টিক দূষণ আর নয়—বন্ধ করার এখনই সময়” এই স্লোগানকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ উপলক্ষে দিনাজপুরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ আয়োজনে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ জুন) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস. এম. হাবিবুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নূরে আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোঃ মোসফেকুর রহমান এবং ডেপুটি সিভিল সার্জন ডাঃ শাহ মুহাম্মদ শরিফ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মোঃ মলিন মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক প্রভাতি রানী।
মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন এনজিও সমন্বয়ক মোহাম্মদ আমিনুল হক, বীরগঞ্জ ইটভাটা মালিক সমিতির প্রতিনিধি ফরহাদ হোসেন, বন্ধু চুলা প্রকল্পের জেনারেল ম্যানেজার শামীম বাবু, দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ বোরহান উদ্দীন, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক এবং পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রাহক কাজী মোঃ নাঈম বিন এনাম।
আলোচনা সভা শেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও প্রতিযোগীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
বক্তারা বলেন, প্লাস্টিক দূষণ বর্তমানে পৃথিবীর অন্যতম পরিবেশগত হুমকি। এটি রোধে সরকার, প্রতিষ্ঠান, ব্যক্তি এবং সামাজিক সংগঠনকে একসাথে কাজ করতে হবে। আগামী প্রজন্মকে একটি নিরাপদ পরিবেশ উপহার দিতে হলে এখনই সচেতন ও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।